সীমান্তে বিএসএফ জওয়ানের ওপর হামলা, এনকাউন্টারে খতম পাচারকারী!
ত্রিপুরার উনকোটি জেলার লাটিয়াপুর সীমান্তে চোরাচালান রুখতে গিয়ে বিএসএফ ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে বিপিন গগৈ নামে এক বিএসএফ জওয়ান গুরুতর জখম হন। আত্মরক্ষার্থে জওয়ানের চালানো গুলিতে মজিদ আলী (৩০) নামে ওই বাংলাদেশি নাগরিক ঘটনাস্থলেই নিহত হন। মৃত ব্যক্তি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, লাটিয়াপুর বিওপি এলাকার আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে টহলের সময় জওয়ান বিপিন গগৈ চোরাচালানকারী দলকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। চোরাকারবারীরা লোহা কাটার ধারালো দা দিয়ে তাঁর হাতে আঘাত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে জওয়ান দুই রাউন্ড গুলি চালালে পাচারকারীরা পালিয়ে যায়। বর্তমানে আহত জওয়ান চিকিৎসাধীন এবং নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কৈলাসহরের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।