আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে দ্রুত যাচাই, ২৫ জুনের মধ্যেই সম্পন্ন করার কড়া নির্দেশ!
পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উপভোক্তা যাচাইয়ের কাজ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সুবিধাভোগীদের সঠিক তালিকা প্রস্তুত করতে গ্রাউন্ড লেভেল যাচাই এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি আগামী ২৫ জুনের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে দ্রুত স্বাস্থ্য পরিষেবার সুবিধা প্রদান করা সম্ভব হয়।
তৃণমূল স্তরে কাজের গতি বাড়াতে জেলা শাসক, কলকাতা পুরসভা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের তালিকা অনুযায়ী এই যাচাই প্রক্রিয়া চলছে। প্রতিটি ব্লক ও পুরসভায় গ্রুপ-বি স্তরের অফিসার এবং ফিল্ড লেভেল কর্মীদের নিয়োগ করা হয়েছে, যারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। এছাড়া, এই প্রক্রিয়ার অগ্রগতি প্রতিদিন জেলা স্তরে স্বাস্থ্য দপ্তর পর্যবেক্ষণ করবে।
বর্তমানে পশ্চিমবঙ্গে ১ কোটি ২৪ লক্ষ ১,৫৩০ জন অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার এবং ১৬ লক্ষ ১৭ হাজার ৯০ জন অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার উপভোক্তা রয়েছেন। জাতীয় খাদ্য নিরাপত্তা বিষয়ক তথ্যভাণ্ডারকে ব্যবহার করে এই বিশাল সংখ্যক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবার সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।