ভারত-বাংলাদেশ সীমান্তে এবার বিএসএফের হাতে অত্যাধুনিক একে রাইফেল!
ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নিজেদের অস্ত্রবিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতদিন এই সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে মূলত ‘ইনসাস’ রাইফেল কিংবা ‘বেরেটা এমএক্স৪ স্টর্ম’ সাবমেশিন গান দেখা গেলেও, সাম্প্রতিক সময়ে ফুলবাড়ি সীমান্তসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় জওয়ানদের হাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ‘ত্রিশি অ্যাসাল্ট রাইফেল’ (টিএআর)। একে (AK) প্ল্যাটফর্মের ডিজাইনের ওপর ভিত্তি করে ভারতেই তৈরি ৭.৬২×৩৯ মিমি ক্যালিবারের এই রাইফেলটি কাছাকাছি ও মাঝারি দূরত্বে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম।
পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, চোরাচালান ও অপরাধের ধরন মোকাবিলার লক্ষ্যে আধুনিক যুদ্ধকৌশলের অংশ হিসেবেই বিএসএফের অস্ত্র মোতায়েনে এই পরিবর্তন এসেছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। তবে এটি বাহিনীর স্থায়ী নীতিগত পরিবর্তন নাকি বিশেষ কোনো ইউনিটের জন্য নেওয়া ব্যবস্থা, তা নিয়ে বিএসএফের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ইনসাস ও বেরেটা সাবমেশিন গানের পাশাপাশি ত্রিশি অ্যাসাল্ট রাইফেলের এই সংযোজন সীমান্ত সুরক্ষায় জওয়ানদের কার্যক্ষমতা ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে এবং যেকোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় বিএসএফকে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রাখবে।