জমি ওপার বাংলায় চলে যাওয়ার আতঙ্ক, ফেন্সিং বিতর্কে মরিয়া গ্রামবাসীরা!

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সীমানা সুরক্ষার স্বার্থে রাজ্য সরকারের ভূমি ও ভূমি-রাজস্ব দপ্তর কৈজুড়ি থেকে আরশিকারি পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার খোলা সীমান্তে জমি জরিপের কাজ শুরু করেছে। তবে এই ফেন্সিংয়ের প্রস্তাবিত অবস্থান নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, প্রশাসনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী কাজ চললে দেশের বিশাল ভূখণ্ড ও বসতভিটে সীমান্তের ওপারে চলে যেতে পারে। এই সমস্যা সমাধানে কোনো পথ খোলা না পাওয়ায় এলাকাবাসী এখন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গ্রামবাসীদের অভিযোগ, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ দূরে বেড়া দেওয়ার কথা থাকলেও, নতুন পরিকল্পনায় তার চেয়ে অনেক বেশি ভেতরে বেড়া নির্মাণের চেষ্টা চলছে। এর ফলে আরশিকারি, পদ্মবিলা, দোহারকান্দা, হাকিমপুর ও তারালি-সহ একাধিক গ্রামের কৃষিজমি, স্কুল, মন্দির, মসজিদ ও উপস্বাস্থ্য কেন্দ্র বেড়ার ওপারে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের দাবি, তাঁরা সীমান্ত নিরাপত্তার বিরোধী নন, কিন্তু নিয়ম লঙ্ঘন করে যেভাবে জমি জরিপ করা হচ্ছে, তাতে তাঁদের জীবিকা ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাসকয়েক আগে বিডিও-র সঙ্গে আলোচনা করেও কোনো সুনির্দিষ্ট সমাধান না মেলায় এবং পুনর্বাসনের যথাযথ নিশ্চয়তা না থাকায় গ্রামবাসীরা এখন আইনি লড়াইয়ের পথে হাঁটছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *