জার্মানির ট্র্যাকে মর্মান্তিক দুর্ঘটনা, না ফেরার দেশে কিংবদন্তি জুহা মিত্তিনেন!
জার্মানির নুরবারগিং রেসিং ট্র্যাকে ‘নুরবারগিং ল্যাঙ্গস্ট্রেকেন-সিরিজ়’ (NLS) কোয়ালিফায়ার রেস চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় ৬৬ বছর বয়সি অভিজ্ঞ ফিনিশ চালক জুহা মিত্তিনেন প্রাণ হারিয়েছেন। শনিবার ট্র্যাকের অত্যন্ত সংকীর্ণ ‘ক্লোস্টারটাল’ বাঁকে মাত্র তিন ল্যাপ অতিক্রম করার পর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মিত্তিনেনের ১২১ নম্বর বিএমডব্লিউ ৩২৫আই গাড়িটিসহ মোট সাতটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কর্তৃপক্ষ দ্রুত লাল পতাকা দেখিয়ে রেস বন্ধ করে দেয়।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ট্র্যাকে তেল পড়ে থাকার ফলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় চালকরা যানবাহনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে মিত্তিনেনকে দ্রুত সার্কিটের মেডিকেল সেন্টারে নেওয়া হলেও সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় মিত্তিনেন ছাড়াও আরও ছয়জন চালক গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে নুরবারগিংয়ের সমস্ত ইভেন্ট স্থগিত রাখা হয়েছে এবং ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের ঘোষণা দিয়েছে।