আপনার জমানো টাকা নিরাপদ তো? সমবায় ব্যাঙ্কের ওপর বড় ধাক্কা দিল আরবিআই!

আর্থিক অবস্থার অবনতির কারণে মহারাষ্ট্রের মোগাভিরা কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর আগামী ছয় মাসের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আগামী ছয় মাস ব্যাঙ্কটি কোনো নতুন ঋণ মঞ্জুর, পুরনো ঋণের নবীকরণ, নতুন বিনিয়োগ বা কোনো নতুন আমানত গ্রহণ করতে পারবে না।

রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশনার ফলে গ্রাহকরা তাঁদের সেভিংস, কারেন্ট বা অন্য যেকোনো অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর চেয়ে বেশি অর্থ উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ঋণের ইএমআই পরিশোধের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে এটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল নয় এবং নির্দিষ্ট বিধিনিষেধ মেনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আমানতকারীরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের (DICGC) মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা পেতে পারেন। ছয় মাস পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *