দীর্ঘ যন্ত্রণার অবসান, রোবোটিক অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বাংলাদেশি তরুণ!
দীর্ঘদিন ধরে পেট ও কোমরের তীব্র যন্ত্রণায় ভোগা বাংলাদেশের পঞ্চগড়ের ২৬ বছর বয়সী তরুণ হরগোপাল রায় কলকাতার ডিসান হসপিটালে সফল রোবোটিক সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। একাধিক চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরও তার রোগের প্রকৃত কারণ শনাক্ত না হলেও, কলকাতায় পরীক্ষার পর ডান কিডনিতে পেলভি-ইউরেটেরিক জাংশন (পিইউজে) অবস্ট্রাকশন এবং কিডনিতে পাথর ধরা পড়ে। এই সমস্যার কারণে মূত্রের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে কিডনি ফুলে গিয়েছিল, যা জটিল হাইড্রোনেফ্রোসিস সংকটের সৃষ্টি করেছিল।
কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডা. সুজয় বসাকের নেতৃত্বাধীন চিকিৎসক দল রোবোটিক-সহায়ক পাইলোপ্লাস্টি পদ্ধতিতে সংকীর্ণ অংশ অপসারণ করে নতুন মূত্রপ্রবাহ পথ তৈরি করেন। অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তির সহায়তায় রক্তক্ষরণ ও ব্যথা কমিয়ে অত্যন্ত নির্ভুলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কোনো জটিলতা ছাড়াই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই তরুণ। ডিসান হসপিটালের কর্তৃপক্ষের দাবি, কোনো আন্তর্জাতিক রোগীর ক্ষেত্রে এটি তাদের প্রথম সফল রোবোটিক ইউরোলজিক্যাল সার্জারি, যা প্রতিবেশী দেশের রোগীদের উন্নত চিকিৎসা পেতে নতুন দিগন্ত উন্মোচন করল।