পিএফ-এর টাকায় হাত দেওয়া যাবে না! কর্মচারীদের স্বার্থে ঐতিহাসিক রায় হাইকোর্টের
ইপিএফও (EPFO) অ্যাকাউন্টধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনো কর্মচারীকে একবার প্রভিডেন্ট ফান্ড বা পিএফ-এর টাকা প্রদান করা হলে, প্রশাসনিক ত্রুটি বা নিয়ম লঙ্ঘনের কারণ দেখিয়ে তা আর ফেরত নেওয়া যাবে না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, পিএফ প্রদানের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকলে তার দায় সংশ্লিষ্ট নিয়োগকর্তা সংস্থা এবং পিএফ ট্রাস্টের ওপর বর্তাবে, এর জন্য কোনো অবস্থাতেই কর্মচারীকে দায়ী করা বা বলির পাঁঠা বানানো যাবে না।
আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকা জেভি নৃপেন্দ্র রাও নামের এক চাকুরিজীবীকে তাঁর অবসরকালীন পাওনা হিসেবে প্রায় ২.৫ কোটি টাকা প্রদান করা হয়েছিল। পরবর্তীতে ইপিএফও দাবি করে যে, অব্যাহাপ্রাপ্ত প্রতিষ্ঠানের মর্যাদা বাতিলের পর নিয়ম মেনে টাকা প্রথমেই ইপিএফও-র তহবিলে স্থানান্তর করার কথা ছিল এবং সেই পদ্ধতি মানা হয়নি। এই যুক্তিতে ইপিএফও কোনো কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) ছাড়াই ওই কর্মচারীর বিরুদ্ধে টাকা আদায়ের নোটিশ জারি করে। হাইকোর্ট এই রিকভারি নোটিশ বাতিল করে জানায় যে, কোনো সুযোগ না দিয়ে এমন পদক্ষেপ গ্রহণ প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থী। আদালত নির্দেশ দিয়েছে, নিয়ম লঙ্ঘনের জন্য পিএফ কর্তৃপক্ষ কেবল সংস্থা বা ট্রাস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।