অচেনা ভাষার বলি! কুলতলিতে সন্দেহের বশে পিটিয়ে খুন তরুণকে।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে অমানবিক গণপিটুনির শিকার হয়ে কেরল থেকে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সানকিজাহান এলাকায় অচেনা এক পাড়ায় প্রবেশের পর ‘চোর ও ছেলেধরা’ সন্দেহে স্থানীয়রা তাঁকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। কাজের সূত্রে পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আসা ওই ব্যক্তি ভাষাগত সমস্যার কারণে নিজের পরিচয় বা আসার কারণ স্থানীয়দের বোঝাতে ব্যর্থ হলে পরিস্থিতির অবনতি ঘটে।
খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুই নাবালকসহ মোট আটজনকে আটক করেছে। বর্তমানে পুলিশ নিহতের প্রকৃত পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।