কলকাতার বেসরকারি হাসপাতালেও এবার ফ্রি বেড, সাধারণ মানুষের চিকিৎসার বড় জয়!
রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের লক্ষ্যে সাধারণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রোগীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। এখন থেকে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য কলকাতার গুরুত্বপূর্ণ ১৭টি বেসরকারি হাসপাতালে মোট শয্যার ১০ শতাংশ ‘ফ্রি বেড’ হিসেবে সংরক্ষিত থাকবে। চুক্তি অনুযায়ী, যে সমস্ত বেসরকারি হাসপাতাল অতীতে সরকারি সহায়তায় বা বিশেষ সুবিধায় জমি পেয়েছিল, তাদের ক্ষেত্রেই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মোট ৬৬০টি শয্যা বিনামূল্যে চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে কেপিসি মেডিক্যাল কলেজে ১০৬টি, অ্যাপোলোতে ৭৫টি, পিয়ারলেসে ৬৭টি, ডিসান হাসপাতালে ৫১টি এবং মেডিকা হাসপাতালে ৫০টি বেড সংরক্ষিত থাকবে।
এই উদ্যোগের ফলে একদিকে যেমন সরকারি হাসপাতালের ওপর রোগীর অতিরিক্ত চাপ কমবে, অন্যদিকে সাধারণ মানুষ কোনো আর্থিক জটিলতা ছাড়াই বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন। কলকাতা কেন্দ্রিক এই মডেল সফল করার পাশাপাশি এর পরিধি জেলাস্তরেও সম্প্রসারণের পরিকল্পনা করেছে সরকার। জেলা পর্যায়ে বেসরকারি নার্সিং হোম ও হাসপাতালগুলোতেও ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নীতি কার্যকর করার বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন।