বেইমান সুদীপ! খামখেয়ালিপনায় ধ্বংস উত্তর কলকাতার সংগঠন, সরব কুণাল

উত্তর কলকাতা সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরই দলের প্রাক্তন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কুণাল ঘোষ। সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুদীপের বিরুদ্ধে তাঁর অভিযোগ, নিজের একনায়কতন্ত্র ও খামখেয়ালিপনার মাধ্যমে তিনি উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত ধ্বংস করে দিয়েছেন। পাশাপাশি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় চরম বিশ্বাসঘাতকতা করেছেন বলেও দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

কুণাল ঘোষের মতে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক মনোভাব ও পক্ষপাতিত্বের কারণে দলের ভেতরে দীর্ঘদিনের অসন্তোষ পুঞ্জীভূত ছিল, যার ফলে তাপস রায় ও সজল ঘোষের মতো নেতারা দল ছাড়তে বাধ্য হন। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক দলবদলকে ‘চরম বেইমানি’ আখ্যা দিয়ে কুণাল জানান, এই পরিবর্তনের ফলে উত্তর কলকাতায় দলের ভগ্নপ্রায় সংগঠনকে ঢেলে সাজানোই এখন তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। এখন নিচুতলার কর্মীদের ক্ষোভ প্রশমিত করে নতুন নেতৃত্বের সামনে হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করাই মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *