বিশ্বমঞ্চে প্রযুক্তির নতুন সুপারপাওয়ার এখন ভারত!
ফ্রান্স সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত এখন বিশ্বজুড়ে প্রযুক্তির কেবল উপভোক্তা নয়, বরং বৈশ্বিক সমস্যার সমাধানকারী হিসেবে উঠে এসেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে আয়োজিত ‘ভারত ইনোভেটস’ মঞ্চে প্রধানমন্ত্রী ভারতের অভাবনীয় প্রযুক্তিগত অগ্রগতির খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, গত ১২ বছরে দেশে উদ্ভাবনের জন্য যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তা ভারতকে বিশ্বমঞ্চে প্রযুক্তিগত সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, উদ্ভাবন ভারতীয়দের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, যা আজ দৈনন্দিন সমস্যা সমাধানে স্বদেশীয় প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। ভারতের এই অগ্রগতির প্রশংসা করে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ চন্দ্রযান-৩-এর সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি স্বীকার করেন যে, ভারত দ্রুতগতিতে উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। প্রযুক্তি খাতে ভারত ও ফ্রান্সের এই পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যে ও বিশ্বের প্রযুক্তিগত মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।