প্রযুক্তি এখন ভারতের শক্তি, বিশ্বমঞ্চে মোদীর নতুন রূপ!
ফ্রান্সের নিস শহরে আয়োজিত ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বর্তমানে বিশ্বমঞ্চে প্রযুক্তির উপভোক্তা নয়, বরং সমাধানের পথপ্রদর্শক। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর উপস্থিতিতে তিনি দাবি করেন, ভারতের এই উদ্ভাবনী শক্তি এখন গোটা বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যা মানুষের কল্যাণে ও সুস্থায়ী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে। উদ্ভাবন ভারতের ডিএনএ-তে মিশেছে উল্লেখ করে তিনি জানান, দেশ খুব দ্রুতগতিতে বড় পরিসরে ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে কাজ করছে।
এই মেগা ইভেন্টে বিশ্বের প্রথম সারির স্টার্ট-আপ সংস্থা, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন। প্রধানমন্ত্রীর এই বার্তার ফলে ভারতের স্টার্ট-আপ ইকোসিস্টেমে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন পথ প্রশস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া, এই আয়োজনের মাধ্যমে ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা স্পষ্ট হয়েছে। অনুষ্ঠানে ইমানুয়েল ম্যাক্রঁ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তিতে তাঁকে অভিনন্দন জানান এবং নিরাপত্তা, পরিবেশ ও প্রযুক্তির মতো বহুমুখী ক্ষেত্রে দুই দেশের এই মৈত্রী আন্তর্জাতিক বাজারে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।