পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়োয় গাড়ি উল্টে শিশুসহ মৃত ৮!
মহারাষ্ট্রের সোলাপুর জেলার তান্ডুলওয়াড়ি গ্রামে তীর্থযাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর কুয়োয় পড়ে আটজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে চারজন শিশু ও চারজন মহিলা রয়েছেন। পান্ধারপুর এলাকার রাঞ্জানির বাসিন্দা ১৫ জন আরোহী স্থানীয় সিদ্ধনাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালকের অসাবধানতা ও ভুলের কারণেই এই বিপর্যয় ঘটেছে।
দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ক্রেনের সাহায্যে গাড়িটি কুয়ো থেকে তোলা হয়। মহারাষ্ট্রে রাস্তার ধারের কুয়োয় গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় এটি সাম্প্রতিককালের তৃতীয় বড় দুর্ঘটনা, যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।