সব রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় ‘গদর’, আমিশার দাবিতে তোলপাড় বি-টাউন!
বলিউডের ব্লকবাস্টার সিনেমাগুলোর মধ্যে আয়ের চেয়ে দর্শক উপস্থিতির হিসেবে এগিয়ে আছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অভিনেত্রী আমিশা প্যাটেল একটি তুলনামূলক পরিসংখ্যান শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে আধুনিক যুগের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’-এর চেয়েও বেশি দর্শক প্রেক্ষাগৃহে টেনেছিল ‘গদর’। প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘গদর: এক প্রেম কথা’ ভারতে ৫.০৫ কোটিরও বেশি দর্শক আকর্ষণ করেছিল, যেখানে এর সিক্যুয়েল ‘গদর ২’ টেনেছিল ৩.৪০ থেকে ৩.৫০ কোটি দর্শক।
অন্যদিকে, আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আনুমানিক ৩.২২ থেকে ৩.৫৬ কোটি এবং ‘ধুরন্ধর ২’ সব ভাষা মিলিয়ে ৪.৩ কোটির কিছু বেশি দর্শক পেয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দুই যুগের টিকিটের মূল্য এবং প্রেক্ষাগৃহের সংখ্যার পার্থক্যের কারণেই এই রেকর্ডের তারতম্য ঘটেছে। ২০০১ সালে টিকিটের মূল্য কম থাকা এবং ওটিটির প্রভাব না থাকায় সাধারণ দর্শক বেশি সংখ্যায় প্রেক্ষাগৃহে যেতেন। আমিশা প্যাটেলের এই তথ্যের পর বলিউডের বক্স অফিস সাফল্যের প্রকৃত মাপকাঠি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।