সিইসিকে হটাতে আবারো উত্তাল বিরোধী শিবির, নতুন নোটিশে কোন চমক?
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে নতুন করে প্রস্তাব আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো। সম্প্রতি সংবিধানে ১৩১তম সংশোধনী বিলের বিরোধিতায় সাফল্য পাওয়ার পর বিরোধী জোট সরকারের ওপর চাপ বাড়াতে এই কৌশল গ্রহণ করেছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র মতো প্রধান বিরোধী দলগুলোর পাঁচজন বর্ষীয়ান সাংসদ এই নতুন নোটিশের খসড়া তৈরি করছেন।
বিরোধীদের লক্ষ্য হলো লোকসভা থেকে অন্তত ২০০ জন এবং রাজ্যসভা থেকে প্রায় ৮০ জন সাংসদের স্বাক্ষর সংগ্রহ করা। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মূলত নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখতে ব্যর্থ হওয়া, প্রশাসনিক চাপের মুখে কাজ করা এবং বিহারসহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনে অস্বচ্ছতার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই সংসদে এই প্রস্তাব পেশ করার সম্ভাবনা রয়েছে, যা সংসদের আসন্ন কার্যদিবসগুলোতে বড় ধরনের রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করতে পারে।