প্যাকেটের গায়ে ভুয়া স্বাস্থ্যকর দাবি! এবার কড়া শাস্তির মুখে নামী কোম্পানিগুলো
স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে দেশের একাধিক জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারী ব্র্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (FSSAI)। বিজ্ঞাপনের চটকদার ও বিভ্রান্তিকর দাবি ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করার দায়ে এই সংস্থাগুলোকে আইনি নোটিস পাঠানো হয়েছে। এফএসএসএআই-এর (FSSAI) পর্যবেক্ষণে দেখা গেছে, পণ্যগুলোর প্যাকেটের গায়ে লেখা তথ্যের সঙ্গে প্রকৃত গুণগত মানের কোনো মিল নেই এবং এর মাধ্যমে ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন করা হচ্ছে।
অনুসন্ধানে ‘হেলদি মাস্টার’, ‘নিউহার্বস’ (Neuherbs), ‘হেলথ ফ্যাক্টরি’, ‘স্টোরিয়া’ (Storia) জুস এবং ‘ইমামি হেলদি অ্যান্ড টেস্টি’সহ বেশ কিছু পরিচিত ব্র্যান্ডের পণ্যে অতিরঞ্জিত প্রচার ও উপাদানের গরমিল ধরা পড়েছে। এছাড়া ‘অর্গানিক উইজডম’, ‘টু ব্রাদার্স অর্গানিক ফার্মস’ ও ‘প্ল্যান বি’ (Plan B)-এর মতো বেশ কিছু সংস্থা প্রয়োজনীয় সরকারি সংশাপত্র বা লোগো ছাড়াই অর্গানিক ও ভেগান পণ্য বাজারজাত করছিল। বাজারের খাদ্যপণ্যে জালিয়াতি রুখতে এবং লেবেলিং সংক্রান্ত সরকারি নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।