বদলে যাচ্ছে আধার অ্যাপ, এখন সুরক্ষিত থাকবে আপনার ডেটা!

আধার কার্ডের নিরাপত্তা ও ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াতে পুরনো ‘mAadhaar’ অ্যাপটি বন্ধ করে সম্পূর্ণ নতুন ‘Aadhaar’ অ্যাপ নিয়ে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। গ্রাহকদের দৈনন্দিন আধার যাচাইকরণ প্রক্রিয়াকে আরও আধুনিক ও সুরক্ষিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই অ্যাপে কিউআর (QR) ভিত্তিক আধার শেয়ারিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যার ফলে হোটেল, হাসপাতাল বা সরকারি কাজে সম্পূর্ণ আধার কার্ড দেখানোর পরিবর্তে কেবল প্রয়োজনীয় তথ্য কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা যাবে। এতে আধার অপব্যবহারের ঝুঁকি অনেকাংশে কমবে।

সুরক্ষার খাতিরে নতুন অ্যাপে ওটিপির পাশাপাশি ফেস অথেনটিকেশন ও কিউআর ভেরিফিকেশন যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা অ্যাপ থেকেই নিজেদের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি এবং আইরিশ অথেনটিকেশন লক বা আনলক করতে পারবেন। এছাড়া একটি মোবাইল অ্যাপে সর্বোচ্চ পাঁচটি আধার প্রোফাইল যুক্ত করা এবং মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট করার সুবিধা থাকবে। ডেটা স্থানান্তরের জন্য আলাদা কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই; নতুন অ্যাপে মোবাইল নম্বর যাচাই ও ফেস অথেনটিকেশনের মাধ্যমে নতুন প্রোফাইল সেট আপ করলেই হবে। অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার পর ওটিপি এবং পিন সেটআপের মাধ্যমেই অ্যাপটি সক্রিয় করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *