সাবধান! দেশজুড়ে ১৬টি ওষুধের উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
মানুষের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় দেশীয় বাজারে প্রচলিত ১৬টি ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রি, বণ্টন ও সরবরাহের ওপর দেশজুড়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের (ডিটিএবি) বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জনস্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো—বাজারে কেবলমাত্র কার্যকর ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওষুধই যাতে উপলব্ধ থাকে, তা নিশ্চিত করা।
ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-এর ২৬এ ধারার অধীনে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া এই ওষুধগুলোর কোনো চিকিৎসাগত যৌক্তিকতা নেই। তালিকার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যথানাশক, পেটের সমস্যার ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং চর্মরোগের সামগ্রী। এর পাশাপাশি ডাইসাইক্লোমিন, প্যারাসিটামল ও ক্লিডিনিয়াম ব্রোমাইডের মিশ্রণ কিংবা অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই ও বিভিন্ন তেলের মিশ্রণযুক্ত স্কিনকেয়ার সামগ্রীও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে বাজার থেকে এই ওষুধগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলারদের এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে।