সই জাল কাণ্ডে তোলপাড় রাজ্য! বিধানসভায় হানা সিআইডির
পশ্চিমবঙ্গ বিধানসভায় সংসদীয় দলের পদাধিকারী নির্বাচনের সই জাল বিতর্ককে কেন্দ্র করে এবার বিধানসভা ভবনে তল্লাশি অভিযান চালাল সিআইডি। সোমবার দুপুর পৌনে দুটো নাগাদ তদন্তকারীদের একটি দল বিধানসভার স্পিকারের সচিবালয়ে পৌঁছায়। মূলত বিতর্কিত সেই ‘রেজোলিউশন কপি’ উদ্ধার করতেই এই অভিযান চালানো হয়েছে, যার তথ্যে জালিয়াতির মূল রহস্য লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। আগের দফায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে কোনো স্পষ্ট দিশা না মেলায় তদন্তকারীরা সরাসরি ঘটনার উৎসস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই মামলার তদন্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার তলব করা হয়েছে এবং বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন গোয়েন্দারা। সিআইডি সূত্রে দাবি, সেই জেরায় বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে এবং অনেক প্রশ্নের উত্তর এড়ানো হয়েছে। উল্লেখ্য, গত ৬ মে তৃণমূলের একটি বৈঠকে ৭০ জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটি রেজোলিউশন বই বিধানসভায় জমা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা ওই নথিতে স্বাক্ষর জাল করার অভিযোগ তোলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত শুরু হলেও শাসকদল এই প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছে।