চিনের মেগা বিনিয়োগে কি বদলে যাবে বাংলাদেশের ভাগ্য, তালিকায় দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু!
বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে প্রায় ২০টি মেগা প্রকল্প বাস্তবায়নের মহাপরিকল্পনা হাতে নিয়েছে নতুন সরকার। দেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এসব প্রকল্পে প্রধান অর্থায়নকারী দেশ হিসেবে চীনের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু অন্যতম। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর আসন্ন চীন সফরে এসব প্রকল্পের বিনিয়োগ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এটি দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে, যার অংশ হিসেবে তিনি ২১ ও ২২ জুন কুয়ালালামপুর সফর শেষে বেইজিংয়ে যাবেন।
সেতু বিভাগের অধীনে চীনের ঋণ ও কারিগরি সহায়তায় বাস্তবায়নের জন্য ৯টি বিশেষ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় থাকা অন্য উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন, ঢাকা সাবওয়ে নির্মাণ, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং রেলওয়ের আধুনিকায়নে নতুন মিটারগেজ ইঞ্জিন ও যাত্রীবাহী কোচ সংগ্রহ। সব মিলিয়ে ২০টি বড় প্রকল্পের প্রস্তাবনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা চলছে। তবে এ বিনিয়োগের চূড়ান্ত রূপ এবং ঋণের শর্তাবলী প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফরের পরই স্পষ্ট হবে।