রেলে বড়সড় মেগা ব্লক! বাতিলগুচ্ছ ট্রেন, আপনার যাত্রা কি নিরাপদ?
পূর্ব মধ্য রেলের দানাপুর বিভাগে আধুনিকীকরণের কাজ চলায় আগামী ২৬ এপ্রিল পর্যন্ত বিহারগামী রেল পরিষেবা ব্যাহত থাকবে। নিউরা-জাটডুমরি রেললাইনে নন-ইন্টারলকিং প্রযুক্তির কাজ শুরু হওয়ার কারণে ১৮ এপ্রিল থেকেই একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে পাটনা, আরা, বক্সার ও সাসারাম সংলগ্ন এলাকায় রেল পরিষেবা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হওয়ায় নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।
সংস্কার কাজের অংশ হিসেবে ২৫ ও ২৬ এপ্রিল পাটনা-সাসারাম, সাসারাম-পাটনা, পাটনা-ডিডিইউ এবং পাটনা-আরা প্যাসেঞ্জারসহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ডিডিইউ-বক্সার প্যাসেঞ্জার ও পাটনা এবং ডিডিইউ-এর মধ্যে চলাচলকারী মেমু এক্সপ্রেস ট্রেনগুলিও ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া নয়া দিল্লি-রাজেন্দ্রনগর স্পেশাল, আজমের-ভাগলপুর এক্সপ্রেস এবং ওখা-গুয়াহাটি এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলি নির্ধারিত পথের পরিবর্তে ডিডিইউ-গয়া-পাটনা হয়ে চলাচল করবে। পাশাপাশি ভাস্কো দা গামা-পাটনা এক্সপ্রেসসহ আরও কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছাবে।