বাণিজ্য সম্মেলনের আড়ালে ৩২৪ কোটি লোপাট, বিধানসভায় ফাঁস মমতার গোপন ফাইল!
বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারের প্রশাসনিক রূপরেখা পেশ করতে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আয়োজিত ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ (বিজিবিএস)-এর আড়ালে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ আইন বহির্ভূতভাবে একটি নির্দিষ্ট বণিকসভা ‘ফিকি’ (FICCI)-কে পাইয়ে দেওয়া হয়েছে। এদিন তিনি বিধানসভার টেবিলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই করা একাধিক গোপন ফাইল পেশ করে এই অভিযোগের সপক্ষে তথ্য তুলে ধরেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিনিয়োগ টানার নাম করে আয়োজিত এই সম্মেলন প্রক্রিয়ার সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন এবং তৎকালীন অর্থমন্ত্রীকে ব্যবহার করে নিয়ম ভেঙে এই অর্থ বরাদ্দ করা হয়েছিল। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ও আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পেও তৃণমূল স্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি। সরকারি কোষাগারের অর্থ তছরুপের এই ঘটনা হিমশৈলের চূড়ামাত্র বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বিগত জমানার যাবতীয় দুর্নীতির ফাইল একে একে খোলার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন।