১৫ বছর ধরে নিখোঁজ ডাক্তার, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের!
সরকারি স্বাস্থ্য পরিষেবায় শৃঙ্খলা ফেরাতে ২০১৫ সাল থেকে গত ১১ বছরের চিকিৎসকদের উপস্থিতির খতিয়ান তলব করল পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের হেলথ সার্ভিস, ডেন্টাল সার্ভিস এবং পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে কর্মরত চিকিৎসকদের মধ্যে কারা যথাযথ অনুমোদন ছাড়া দীর্ঘ সময় কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখতে এই চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
রাজ্যের সমস্ত জেলার সিএমওএইচ (CMOH), সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল সুপারদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সমস্ত মেডিক্যাল অফিসার ও চিকিৎসকদের অনুপস্থিতির পূর্ণাঙ্গ তথ্য বা ‘অ্যাবসেন্টি স্টেটমেন্ট’ স্বাস্থ্য ভবনে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই রিপোর্ট জমা না পড়লে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানদের জবাবদিহি করতে হবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।