জনরোষের মুখে তৃণমূল প্রধান, কান ধরে ক্ষমা চাওয়ার দৃশ্য ভাইরাল!

হাওড়ার পাঁচলা ব্লকের জুজারসা গ্রাম পঞ্চায়েত অফিসে সোমবার চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের প্রবল ক্ষোভের মুখে পড়ে পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েন অবরুদ্ধ হয়ে পড়েন। উত্তেজিত জনতা তাঁকে ও অফিসের কর্মীদের ভেতরে আটকে রেখে বাইরে থেকে গেটে তালা ঝুলিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে অবরুদ্ধ পঞ্চায়েত প্রধান রীতিমতো হাঁটু গেড়ে বসে, কান ধরে হাউহাউ করে কাঁদতে কাঁদতে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে শুরু করেন। পরবর্তীতে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েনের বিরুদ্ধে জোর করে জমি দখলসহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তিনি অতীতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এদিন তিনি পঞ্চায়েতে এসে কিছু গুরুত্বপূর্ণ নথি লোপাট করার চেষ্টা করছিলেন। দীর্ঘদিনের জমে থাকা সেই ক্ষোভ এবং নথিপত্র সরানোর আশঙ্কাই স্থানীয়দের এই তীব্র প্রতিবাদের মূল কারণ। এই ঘটনা পঞ্চায়েতে শাসকদলের ভাবমূর্তিকে সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতনরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *