রুশ ক্ষেপণাস্ত্রের আগুনে ধ্বংস কিয়েভের ঐতিহাসিক ক্যাথিড্রাল, প্রাণ গেল ১১ জনের!
তিন দিনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রাতভর এই হামলায় অন্তত ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একাদশ শতকের ঐতিহাসিক ডরমিশন ক্যাথিড্রাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং সাইরেনের শব্দে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার ফলে ক্যাথিড্রালের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এর মূল দেয়াল ও অভ্যন্তরীণ প্রধান অংশ অক্ষত রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আগেই অনেক মূল্যবান ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন সরিয়ে ফেলায় সেগুলো রক্ষা পেয়েছে। এদিকে, এই হামলার দায় অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের নিজস্ব মার্কিন-তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ক্যাথেড্রালে আঘাত হেনেছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে খ্রিস্টান সংস্কৃতির বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেছেন এবং ইউনেস্কোসহ আন্তর্জাতিক মহল এর নিন্দা জানিয়েছে।