বিজেপি শাসিত রাজ্যেই নারীরা সবচেয়ে বেশি অসুরক্ষিত, সেলিমাবাদের জনসভা থেকে তোপ অভিষেকের!
জামালপুরের সেলিমাবাদ ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে আয়োজিত এই সভায় তিনি দাবি করেন, গেরুয়া শিবির শাসিত রাজ্যগুলিতেই নারী নির্যাতনের হার সর্বাধিক। বিশেষত উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন যে, বিজেপি মুখে নারীদের সম্মানের কথা বললেও বাস্তবে তাদের শাসনেই নারীরা বেশি অত্যাচারিত হচ্ছেন। তৃণমূল ও বিজেপির প্রার্থী তালিকার তুলনা টেনে অভিষেক জানান, নারী ক্ষমতায়নের লক্ষ্যে তৃণমূল ৫২ জন মহিলাকে প্রার্থী করেছে, যেখানে বিজেপি দিয়েছে মাত্র ৩৩ জন।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল নেতার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে তিনি চ্যালেঞ্জ জানান, বিজেপির শাসনাধীন ১৬টি রাজ্যের একটিতেও এমন প্রকল্প নেই। পাশাপাশি, জামালপুর এলাকায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ২৮৭টি নতুন রাস্তা নির্মাণ এবং পানীয় জল ও সোলার লাইটের সুব্যবস্থা করার খতিয়ানও তিনি তুলে ধরেন। চাষিদের আলুর অভাবী বিক্রির সমস্যার প্রসঙ্গ টেনে তিনি ভোটারদের আসন্ন নির্বাচনে বঞ্চনার যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান।