বিশ্ববাজারে সস্তা অপরিশোধিত তেল, দেশের বাজারে কি কমবে পেট্রোল-ডিজেলের দাম?
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দামে বড় ধরনের পতন ঘটলেও ভারতের অভ্যন্তরীণ বাজারে তার কোনো প্রভাব পড়েনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরানের সাথে সমঝোতা ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় অনেক কমেছে। তবে এই পরিস্থিতির পরও দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলো পেট্রোল ও ডিজেলের খুচরো দর অপরিবর্তিত রেখেছে। ফলে গত ২৫ মে-র পর থেকে দেশীয় বাজারে জ্বালানির দামে তেমন কোনো পরিবর্তন আসেনি।
কলকাতায় বর্তমানে প্রতি লিটার পেট্রোল ১১৩.৪৭ টাকা থেকে ১১৩.৫১ টাকা এবং ডিজেল ৯৯.৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রাজধানী দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১০২.১২ টাকা ও ৯৫.২০ টাকা, মুম্বাইতে পেট্রোল ১১১.২১ টাকা ও ডিজেল ৯৭.৮৩ টাকা, চেন্নাইতে পেট্রোল ১০৭.৮৮ টাকা ও ডিজেল ৯৯.৫৫ টাকা এবং আহমেদাবাদে ডিজেল ৯৭.৯১ টাকায় স্থির রয়েছে। বেঙ্গালুরু ও হায়দরাবাদের ক্ষেত্রে ডিজেলের দাম যথাক্রমে ৯৮.৮০ টাকা ও ১০৩.৮২ টাকায় থিতু হয়েছে। প্রতিদিন সকালে জ্বালানির মূল্য সংশোধনের নিয়ম থাকলেও মে মাসের শেষের পর থেকে দাম কমানোর কোনো পদক্ষেপ নেয়নি তেল বিপণন সংস্থাগুলো।