১৯ দিনে ৪ বার! মিসাইল ঝড়ে কাঁপছে এশিয়া, যুদ্ধের দ্বারপ্রান্তে কিম?
উত্তর কোরিয়া রবিবার ভোরে পুনরায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দেশটির পূর্ব উপকূলীয় শহর সিনপো থেকে চালানো এই উৎক্ষেপণ চলতি বছর কিম জং উনের বাহিনীর সপ্তম এবং শুধুমাত্র এপ্রিল মাসেই চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই ধারাবাহিক উস্কানিমূলক পদক্ষেপে অঞ্চলটিতে নতুন করে উত্তজনা ছড়িয়ে পড়েছে এবং জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের ভূখণ্ডে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই ঘটনার নিন্দা জানিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সরকারি তথ্য অনুযায়ী, ভোর ৬টা নাগাদ উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও আকাশ ও জলপথের নিরাপত্তার জন্য কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় উত্তর কোরিয়ার প্রতিটি সামরিক গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা প্রদর্শন এবং নিজেদের পরমাণু শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার কৌশল নিয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।