৭ ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন বোর্ড, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
আগামী ছয় মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভার এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতায় একটি নতুন ও নির্বাচিত পুরবোর্ড গঠন করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। বর্তমানে পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের প্রশাসনিক তত্ত্বাবধানে সমস্ত নাগরিক পরিষেবা পরিচালিত হচ্ছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরবোর্ড ভেঙে যায় এবং তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেন। সোমবারের ওই অনুষ্ঠানে ফিরহাদ হাকিম, কাজরী বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমারসহ তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ সময় মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে শহরের উন্নয়নে সবার সহযোগিতার বার্তা দেন। উপস্থিত কাউন্সিলররাও মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেন।