তামিলনাড়ুর কৃষকদের জন্য বিরাট সুখবর, ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করলেন মুখ্যমন্ত্রী!

তামিলনাড়ুর কৃষকদের জন্য বড় স্বস্তির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে সমবায় ব্যাংক থেকে নেওয়া কৃষকদের ফসল ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে রাজ্যের প্রায় ১৪.৪৩ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন। যদিও এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোষাগারের ওপর ৬,০০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে, তবুও সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়াতে এই বড় প্যাকেজ অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।

নতুন ঘোষণা অনুযায়ী, ১ মে ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫,০০০ টাকা পর্যন্ত ফসল ঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে। এছাড়া যে সব কৃষকের ঋণের পরিমাণ ৭৫,০০০ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রে এককালীন ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এর আগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সর্বোচ্চ ৫০,০০০ টাকা ঋণ মওকুফের ঘোষণা করা হয়েছিল, তবে কৃষক সংগঠন ও সাধারণ কৃষকদের দাবির প্রেক্ষিতে সেই সিদ্ধান্তের পরিধি বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) থেকে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সমবায় ব্যাংকগুলিকে ঋণের সমপরিমাণ অর্থ মিটিয়ে দেবে রাজ্য সরকার। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও কৃষকদের দুর্দশার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক আইনিভাবে ঋণমুক্ত হতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *