নন্দীগ্রামের পর ভবানীপুর, মমতার চ্যালেঞ্জে ফের উত্তপ্ত হাইকোর্ট!
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তিনি আদালত চত্বরে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে নির্বাচনী পিটিশন ও হলফনামা দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দোলা সেন।
উল্লেখ্য, ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ তুলে পুনর্মূল্যায়নের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনি পদক্ষেপ নিলেন। এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।