সিআইডি জেরার মাঝেই অভিষেকের বাড়িতে পুরসভার হানা, শুরু হলো মাপজোক!

উস্কানিমূলক মন্তব্যের জেরে সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়ার দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাসভবন ও সম্পত্তিতে হানা দিল কলকাতা পুরসভা। মঙ্গলবার সাতসকালে পুরসভার বিল্ডিং বিভাগের প্রতিনিধিরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আত্মীয়দের মোট ১৭টি ঠিকানায় হাজির হয়ে আইনি নোটিস প্রদান করেন। কালীঘাট এবং হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেকের বাসভবনসহ সংশ্লিষ্ট সম্পত্তিগুলোর মাপজোখও শুরু করেছেন পুর আধিকারিকরা।

পুরসভা সূত্রে জানা গেছে, অনুমোদিত নকশার বাইরে গিয়ে বেআইনি নির্মাণ করা হয়েছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই তৎপরতা চালানো হচ্ছে। প্রশাসন সংশ্লিষ্ট বাড়িগুলোর অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত শংসাপত্র এবং অতিরিক্ত নির্মাণের আইনি নথিপত্র অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পুর আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন, যার ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *