পদ হারিয়েই ভিকটিম কার্ড খেলছেন কাকলি!
কলকাতা: লোকসভার দলনেতা ও চিফ হুইপের পদ থেকে সরে যাওয়ার পর তৃণমূলত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কাকলি ঘোষ দস্তিদার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ‘ভিকটিম কার্ড’ খেলছেন। নিজের বিরুদ্ধে আনা অভব্য আচরণের অভিযোগকে ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে দাবি করে তিনি জানান, গত ৬ মে থেকেই কাকলি দলবিরোধী কাজে লিপ্ত ছিলেন এবং পদ হারানোর আক্রোশ থেকেই এই ধরনের ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।
পালটা তোপ দেগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সময় নির্যাতিতাকে নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের করা মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। পাশাপাশি, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ভূয়সী প্রশংসা করে কল্যাণ বলেন, অগ্নিমিত্রা অত্যন্ত ভালো পরিবারের মেয়ে এবং তাঁকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা অনুচিত। একই সঙ্গে তাঁর অভিযোগ, সংসদে থাকাকালীন কাকলি ঘোষ দস্তিদার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পোশাক ও ব্যক্তিত্ব নিয়েও অপমানজনক মন্তব্য করতেন। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের ২০ জন সাংসদ দল ছেড়ে এনসিপিআই গঠন করে এনডিএ-কে সমর্থনের ঘোষণা করার পর থেকেই এই দুই সাংসদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।