বিজেপি জিতলে সংবিধান বদলাবে, দেশভাগ হবে! জামালপুরের সভা থেকে বিস্ফোরক অভিষেক

পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে আয়োজিত এক জনসভায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে ‘তপশিলি বিরোধী’ ও ‘দেশভাগের চক্রান্তকারী’ হিসেবে অভিহিত করে দাবি করেন, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেই দলিত ও তপশিলিদের ওপর অত্যাচারের হার সবচেয়ে বেশি। এই নির্বাচনকে সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করে তিনি বাংলা ও বাঙালি বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার ডাক দেন।

প্রার্থী পরিচিতি পর্বে জামালপুরের ভূমিপুত্র ভূতনাথ মালিকের সমাজসেবামূলক কাজের কথা তুলে ধরে অভিষেক বিজেপি প্রার্থী অরুণ হালদারকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, তপশিলি কমিশনের সদস্য থাকাকালীন বিজেপির এই প্রার্থী নিজের জাতির ওপর অত্যাচার রুখতে ব্যর্থ হয়েছেন। এছাড়া উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে তৃণমূল নেতা দাবি করেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার নিজস্ব তহবিলে গত দু’বছরে জামালপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৪০৫ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করেছে। সেই সঙ্গে আগামী দিনে এলাকায় একটি বহুমুখী হিমঘর তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *