মহুয়ার মন্তব্যে ধর্মীয় বিতর্ক, বিজেপি নেতার এফআইআর ঘিরে উত্তেজনা!
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নদীয়ার হোগলবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির করিমপুর মণ্ডল-৪ এর সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য। আদালত চত্বরে বিজেপি মহিলা কর্মীদের ডিম হাতে অবস্থানের একটি ভিডিওর প্রেক্ষিতে মহুয়া মৈত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগকারী দাবি করেছেন, ওই পোস্টে কয়েকজন হিন্দু মহিলার নাম উল্লেখ করে তাঁদের ‘বোরখা’ পরার নিদান দেন সাংসদ, যা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
হীরক ভট্টাচার্যের অভিযোগ, মহুয়া মৈত্রের এই মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক এবং তা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হোগলবেড়িয়া থানা লিখিত অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার সংবেদনশীলতা ও সোশ্যাল মিডিয়া পোস্টের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে পাঠানো হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা পুরো বিষয়টি খতিয়ে দেখার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এই বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।