১৬ মাস পর মোদি-ট্রাম্প করমর্দন, জি-৭ মঞ্চে নতুন কূটনীতির ইঙ্গিত!
১৬ মাস পর ফ্রান্সের এভিয়ানে আয়োজিত জি-৭ সম্মেলনের প্রাক্কালে বিশ্বনেতাদের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে যোগ দেওয়া মোদি ও ট্রাম্পের মধ্যে হাসিমুখে করমর্দন হলেও, দুই রাষ্ট্রনেতার পরিচিত উষ্ণ আলিঙ্গন এবার দেখা যায়নি। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁদের এই দূরত্ব বজায় রাখা শরীরী ভাষা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষবার হোয়াইট হাউসে বৈঠকের পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। অপারেশন সিঁদুর, মার্কিন শুল্কনীতি, ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী অবরোধ এবং ওমান উপকূলে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা দুই দেশের কূটনৈতিক দূরত্ব বাড়িয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই জি-৭ সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এই বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রসঙ্গ গুরুত্ব পেতে পারে বলে আশা করা হচ্ছে।