কপালে টিকা লাগানোয় ছাত্রকে বাধা, খড়দহের স্কুলে তীব্র বিতর্ক!

উত্তর চব্বিশ পরগনার খড়দহের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কপালে ধর্মীয় টিকা লাগিয়ে আসায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ, ওই ছাত্র কপালে টিকা লাগিয়ে স্কুলে আসায় শিক্ষিকারা জোর করে তা মুছে দিয়েছেন। এর প্রতিবাদে টিটাগড়ের বাসিন্দা ওই ছাত্রের অভিভাবক সুরেন্দ্র প্রসাদ স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিভাবকদের দাবি, টিকা লাগানো তাঁদের পারিবারিক ও ধর্মীয় প্রথা, যা ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী।

বিক্ষোভের মুখে পড়ে স্কুলের প্রধানশিক্ষিকা জোর করে টিকা মুছিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, স্কুলে একটি নির্দিষ্ট পোশাক বিধি বা ‘কোড অফ কনডাক্ট’ রয়েছে, যেখানে সব ধর্মের ছাত্রছাত্রীদের সমানভাবে উপস্থিত হওয়ার নিয়ম রয়েছে। তিনি কেবল সেই নিয়মের বিষয়টি ছাত্রটিকে বুঝিয়েছিলেন বলে দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও, পরবর্তীতে কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *