সব প্রকল্পের আবেদনপত্র এখন শিবিরে, বড় ঘোষণা শুভেন্দুর!
রাজ্যবাসীর সুবিধার্থে জনকল্যাণ শিবিরগুলো নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় নবান্নে জেলাশাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আসন্ন জনকল্যাণ শিবিরগুলোতে সব ধরনের সরকারি প্রকল্পের আবেদনপত্র আবশ্যিকভাবে মজুত রাখতে হবে। তালিকার অন্তর্ভুক্তি নির্বিশেষে কোনো নাগরিকই যাতে সরকারি পরিষেবা থেকে খালি হাতে ফিরে না যান, তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে বিধবা ও বার্ধক্য ভাতার আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকলেও, এই দুই প্রকল্পের আবেদনপত্রও শিবিরে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রান্তিক মানুষের চাহিদার তথ্য নথিবদ্ধ রাখা এবং প্রকৃত পরিসংখ্যান সংগ্রহের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বিধবা ও বার্ধক্য ভাতার জট কাটাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।