মাথার ওপর ১০ লাখের পুরস্কার, অস্ত্র ফেলে আত্মসমর্পণ কুখ্যাত মাওবাদী নেত্রী পুষ্পার!

কলকাতার রাজ্য পুলিশ সদর দপ্তরে আত্মসমর্পণ করেছেন মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা। ঝাড়খণ্ড পুলিশের খাতায় ১০ লক্ষ টাকা মাথার দাম থাকা এই নেত্রী একটি এসএলআর (SLR), ৪০ রাউন্ড কার্তুজ ও ম্যাগাজিনসহ পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করেন। ২০০১ সালে মাওবাদী আন্দোলনে যুক্ত হওয়া শকুন্তলা দীর্ঘ দুই দশকের বেশি সময় পর হিংসার পথ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিলেন। ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে বহু নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মামলা রয়েছে।

বেলপাহাড়ির মেচুয়া গ্রামের বাসিন্দা শকুন্তলা দীর্ঘ সময় ধরে সারান্ডা জঙ্গলের মাওবাদী স্কোয়াডের অন্যতম প্রধান মুখ ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তিনি মাওবাদী কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আত্মসমর্পণের পর তিনি জানান, রাজ্য সরকারের পুনর্বাসন নীতির ওপর ভরসা রেখেই তিনি মূল স্রোতে ফিরেছেন এবং জঙ্গলে থাকা বাকি সতীর্থদেরও অস্ত্র ছেড়ে ফেরার আহ্বান জানিয়েছেন। এদিকে বিশেষজ্ঞদের মতে, শকুন্তলার মতো শীর্ষস্তরের নেতাদের একের পর এক আত্মসমর্পণ মাওবাদী নেটওয়ার্কের ভিতকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে, যা জঙ্গলমহলসহ সংলগ্ন এলাকায় মাওবাদীদের সাংগঠনিক শক্তিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *