নেতার মুক্তির দাবিতে রণক্ষেত্র ফলতা, গ্রেফতার ৮!

তৃণমূল নেতা জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক খণ্ডযুদ্ধ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর্থিক দুর্নীতি ও মারধরের অভিযোগে রাজ্য পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে তাঁর স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে একটি মিছিল থানা ঘেরাও করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। এই ঘটনায় সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে। এফআইআরে নাম রয়েছে জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবিরও।

আবাস যোজনার অর্থ আত্মসাৎ এবং স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে লুটপাটের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার হওয়ার পর, তদন্তের প্রয়োজনে জাহাঙ্গির খানকে এলাকায় নিয়ে আসলে তাঁর অনুগামীরা এই বিক্ষোভে অংশ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীদের পুকুরে ঝাঁপ দেওয়ার দৃশ্যও দেখা গেছে। এই ঘটনায় পুলিশি কঠোর অবস্থানের জেরে ফলতা অঞ্চলে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব পড়ার পাশাপাশি নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *