কোলাঘাটে মর্মান্তিক ঘটনা, ছেলের হাতে খুন মা!
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাঁউরচন্ডী গ্রামে পারিবারিক অশান্তির জেরে নিজের ষাটোর্ধ্ব মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নিহত ভারতী চক্রবর্তী (৬৫)-র দেহ থেকে মাথা আলাদা করে তা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত বাসুদেব চক্রবর্তীর বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং নিহতের ছিন্ন মস্তক পুকুর থেকে উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা ও ছেলের মধ্যে নিয়মিত অশান্তি লেগেই থাকত। গত মঙ্গলবার রাতেও তাদের মধ্যে তীব্র বচসা হয়। বুধবার সকালে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত বাসুদেব নিজের দোষ স্বীকার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মানসিক ভারসাম্যহীনতায় ভুগে থাকা বাসুদেব রাগের মাথায় এই কাণ্ড ঘটিয়েছে। বর্তমানে পুলিশ বাড়িটি সিল করে ঘটনার তদন্ত চালাচ্ছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।