টলিপাড়ার ভবিষ্যৎ নির্ধারণে নবান্নে মেগা বৈঠক, আসছে তারকাখচিত নয়া কমিটি!

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের দীর্ঘদিনের অস্থিরতা কাটাতে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা বিভিন্ন সংস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং টলিউডের অভ্যন্তরীণ সংকট নিরসনের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডাঃ সুব্রত গুপ্তের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায় ও পাপিয়া অধিকারীসহ সংশ্লিষ্ট দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কাজে গতি আনতে সেগুলোকে পুনর্গঠন এবং প্রশাসনিক জটিলতা দূর করতে অভিন্ন অনলাইন আবেদন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, চলচ্চিত্র শিল্পের বর্তমান অচলাবস্থা কাটিয়ে স্বচ্ছতা ফেরাতে ফেডারেশন ও বিভিন্ন গিল্ডের কার্যপদ্ধতি পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, দেব, মহেন্দ্র সোনি, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও সানি ঘোষ রায়ের মতো ব্যক্তিত্বদের নিয়ে একটি উচ্চপর্যায়ের ‘উপদেষ্টা কমিটি’ গঠনের রূপরেখাও তৈরি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *