দেশ ছাড়ার আগেই অভিষেক ঘনিষ্ঠের বিরুদ্ধে সিআইডির বড় পদক্ষেপ!
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জমি জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে ‘লুকআউট নোটিস’ জারি করেছে রাজ্য গোয়েন্দা দপ্তর (সিআইডি)। মেদিনীপুর আদালত ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সুমিত রায় যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বর্তমানে পলাতক সুমিত রায়ের সন্ধানে কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও তাঁর কোনো হদিস মেলেনি। এছাড়া, সুমিত রায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।
তদন্তকারীদের আশঙ্কা, গ্রেপ্তার এড়াতে সুমিত রায় জল বা আকাশপথে দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন, যার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দর ও বন্দরে অভিবাসন দপ্তরের সহযোগিতায় কড়া নজরদারি শুরু হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, এই আর্থিক জালিয়াতি চক্রের শিকড় অনেক গভীরে এবং সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে জড়িত আরও প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসতে পারে। এ ঘটনার তদন্তের অগ্রগতি এবং রাজ্য রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।