ডন বা মাফিয়াদের দিন শেষ, ফলতায় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর!
ফলতা থানা ঘেরাও এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় আয়োজিত এক জনকল্যাণ সভায় তিনি স্পষ্ট করেন, আইন হাতে তুলে নেওয়া ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করার পাশাপাশি অভিযুক্তদের কাউকেই ছাড় না দেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া সরকারি কর্মচারী ও বাহিনীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) রাষ্ট্রবিরোধী ধারায় মামলা রুজু করার নির্দেশও দেওয়া হয়েছে।
নেপাল সীমান্ত থেকে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে এবং ফলতা থানায় হামলার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই অবস্থান নিয়েছেন। তিনি জানান, ফলতায় এখন আর কোনো অনৈতিক শক্তির আইন চলবে না, বরং আইনের শাসন কায়েম করা হবে। এছাড়া স্থানীয় নারীদের সুরক্ষার জন্য থানায় বিশেষ ‘হেল্প ডেস্ক’ চালু এবং আমফান ত্রাণ ও ঘর তৈরির অর্থ দুর্নীতির সঙ্গে জড়িতদের কাছ থেকে টাকা উদ্ধারের ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার উন্নয়নের লক্ষ্যে সুন্দরবন উন্নয়ন দপ্তর নিজের অধীনে রেখে ফলতাকে একটি ‘আদর্শ বিধানসভা’ বা ‘ফলতা মডেল’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।