জনপ্রতিনিধিদের ওপর ডিম হামলা, টনক নড়ল হাইকোর্টের!

রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের লক্ষ্য করে ধারাবাহিক ডিম হামলার ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অতীন্দ্র চৌধুরী। জনপ্রতিনিধিদের উপর প্রকাশ্যে চলা এই আক্রমণকে অত্যন্ত উদ্বেগজনক বলে চিহ্নিত করে মামলাটিতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আইনজীবী অতীন্দ্র চৌধুরী তাঁর আবেদনে ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের যথাযথ নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে ডিম হামলার ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের জনপ্রতিনিধিদের ওপর এই ধরনের আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে কালীঘাটে কুণাল ঘোষের ওপরও ডিম হামলার ঘটনা ঘটে, যার জেরে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূল নেতা সৌগত রায়। চিঠিতে রাজ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *