দিনের বেলায় খাবার ডেলিভারি, রাতে খাকি উর্দির স্বপ্ন! ২৩ বছরের খুশবুর লড়াই দেখে অবাক নেটদুনিয়া!
পুলিশ হওয়ার স্বপ্ন পূরণে মুম্বাইয়ের রাস্তায় খাবার ডেলিভারি করছেন উত্তরপ্রদেশের তরুণী খুশবু
উত্তরপ্রদেশের গাজিপুরের ২৩ বছর বয়সী তরুণী খুশবু পুলিশের খাকি উর্দি গায়ে নিজের গ্রামে ফেরার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে এবং নিজের পড়াশোনার খরচ জোগাতে তিনি বাড়ি থেকে পালিয়ে মুম্বাইয়ে পাড়ি দেন। বর্তমানে তিনি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুইগি’-তে ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করছেন। দিনের বেলা শহরের রাস্তায় খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি রাতে তিনি উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
খুশবুর এই অদম্য জেদ ও কষ্টের কাহিনী সম্প্রতি সামনে এনেছেন সুইগির সিইও রোহিত কাপুর। তিনি খুশবুর সাথে একটি ভিডিও সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সংগ্রামের কথা শেয়ার করেন। নিজের পরিবারের ওপর বোঝা না হয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা খুশবুর এই গল্পটি বর্তমানে নেটদুনিয়ায় ব্যাপক প্রসংশিত হচ্ছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে পুলিশের চাকরি অর্জন করে নিজের গ্রাম ও পরিবারের মুখ উজ্জ্বল করাই এখন খুশবুর একমাত্র লক্ষ্য।