হকার উচ্ছেদে বড় ধাক্কা খেল রেল, বিকল্প জায়গার নির্দেশ হাই কোর্টের!
রাজ্যের বিভিন্ন রেল স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদ অভিযানের ওপর আগামী জুন মাস পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গনগর, মথুরাপুর ও যাদবপুরসহ একাধিক স্টেশনে রেলের উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে। আদালতের এ সিদ্ধান্তের ফলে আপাতত স্বস্তি পেলেন হাজার হাজার হকার ও তাদের পরিবার।
মামলাকারীদের আইনজীবীদের দাবি, দীর্ঘ দুই-তিন দশক ধরে ব্যবসা করা হকারদের পুনর্বাসন না দিয়ে আকস্মিক উচ্ছেদ তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। বারুইপুর ও ডানকুনির মতো এলাকায় বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও সই ও তারিখবিহীন নোটিস দিয়ে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। ওদিকে, রেল কর্তৃপক্ষের বক্তব্য ছিল যাত্রী স্বাচ্ছন্দ্য ও প্ল্যাটফর্মে চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছিল। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, বৈধ হকারদের ক্ষেত্রে বিকল্প জায়গার বন্দোবস্ত রেল কর্তৃপক্ষকেই করতে হবে। একই সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত হকারদের উচ্ছেদের বিষয়ে রেলের কাছে বিশদ রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত।