ইতালিতে গুরুদ্বারের সামনে দুই ভারতীয়কে গুলি, চাঞ্চল্যকর খুনে আতঙ্ক!

ইতালির বেরগামো প্রদেশের কোভোর একটি শিল্পাঞ্চলে অবস্থিত ‘গুরুদ্বার মাতা সাহেব কৌরজি’ প্রাঙ্গণে বৈশাখী উৎসব চলাকালীন গুলিবর্ষণের ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঘটা এই ঘটনায় নিহতরা হলেন ৪৮ বছর বয়সী রাগিন্দর সিং এবং একই বয়সের গুরমিত সিং। হামলায় অপর একজন ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনো আকস্মিক বিবাদ নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারী ঠান্ডা মাথায় প্রায় ১০ রাউন্ড গুলি চালিয়ে একটি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক নিজেও একজন ভারতীয় এবং তাকে প্রায়ই ওই গুরুদ্বারে যাতায়াত করতে দেখা যেত। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোল উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *