রেড রোডে যোগ দিবস, যানজট এড়াতে জানুন বিকল্প পথ!

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতার রেড রোডেই অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা হাই কোর্ট এই কর্মসূচি পালনে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, ফলে রেড রোডে অনুষ্ঠান আয়োজনে আর কোনো আইনি বাধা রইল না। তবে জনদুর্ভোগ কমাতে আদালত নির্দেশ দিয়েছে, অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই রেড রোড দ্রুত যান চলাচলের জন্য খুলে দিতে হবে এবং কলকাতা পুলিশকে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে।

রাজ্য সরকার যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড সাত দিন বন্ধ রাখার যে বিজ্ঞপ্তি দিয়েছিল, তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত আবেদনটি খারিজ করে দিলেও, যানজট এড়াতে পুলিশের ভূমিকা নির্দিষ্ট করে দিয়েছে। পাশাপাশি, এই মামলায় রাজ্য সরকার ও মামলাকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রেড রোডের মূল অনুষ্ঠানের পাশাপাশি, ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে গঙ্গার বুকে এক মেগা যোগাভ্যাসের আয়োজন করা হয়েছে। মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট ও বেলুড়-দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকায় প্রায় ৫০০টি নৌকায় এই যোগাভ্যাস চলবে। এছাড়া বিকেলে থাকবে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আদালতের এই নির্দেশিকার পর শহরজুড়ে এই বিপুল আয়োজনের প্রস্তুতিতে কোনো প্রশাসনিক বাধা থাকল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *